প্রচণ্ড দাবদাহে ভারতজুড়ে গত কয়েক দিনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
দেশটিতে চলমান দাবদাহে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায়।
গত সপ্তাহ থেকে এ পর্যন্ত রাজ্য দুটিতে ১১১৮ জন মারা গেছেন। এর মধ্যে গত ১৩ মে থেকে বয়ে যাওয়া দাবদাহে অন্ধ্র প্রদেশে আট শতাধিক এবং তেলেঙ্গানায় দুই শতাধিক মানুষ মারা গেছেন।
তবে বেশিরভাগ প্রাণহানি গত ৫ দিনে হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সিনিয়র সরকারি কর্মকর্তা।
এছাড়া উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে গরমে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা কমতে পারে।
দাবদাহের পরিপ্রেক্ষিতে লোকজনকে ঘরে থাকার পরামর্শের পাশাপাশি প্রচুর পানি পানের পরামর্শ দেয়া হয়েছে।