থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়ার সীমান্তবর্তী পেরলিস রাজ্যের বুকিত ওয়াং বার্মার জঙ্গল থেকে আরো ২২টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখান থেকে ৩৫টি মৃতদেহ বা দেহাবশেষ উদ্ধার করলো পুলিশ। ধারণা করা হচ্ছে, এরা সবাই মানব পাচারের শিকার।
রোববার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ের সহকারী প্রধান জানিয়েছেন, এসব দেহাবশেষ পরীক্ষা-নীরিক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আরো দেহাবশেষের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে।
এর আগে সোমবার পেরলিসের আরেকটি জায়গায় ১৩৯টি গণকবর ও পাচারকারীদের ২৮টি বন্দিশিবিরের সন্ধান মেলে। সীমান্তে মানবপাচারে জড়িত চক্রগুলোর মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
এদিকে, মিয়ানমার উপকূলে নৌযান থেকে উদ্ধার হওয়া ৭২৭ জনকে রাখাইন রাজ্যে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা।