ভারতের রাজস্থানে একটি বাসে হাই-ভোল্টেজ বিদ্যুতের তার জড়িয়ে কমপক্ষে ২৫ জন মারা গেছেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে টংক জেলার পাচিভার এলাকায় এ ঘটনা ঘটে।
বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে ৩৩ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে টংক জেলার পাচিভার এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাস বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরোহীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ কারণে কারও পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হয়নি। তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান।
এদিকে, ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনার শিকারদের সব ধরনের সহায়তা দেয়া হবে।
দুর্ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গ্রামের উপর দিয়ে যাওয়া ১১কেভি বৈদ্যুতিক তারটি সরিয়ে ফেলার জন্য তারা কর্তৃপক্ষের কাছে অনেকবার অনুরোধ করেছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।
আহত বেশ কয়েকজনকে মালপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের জয়পুরের এমএসএম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
জয়পুর থেকে একদল চিকিৎসক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।