পাকিস্তানের করাচি ও সিন্ধু প্রদেশে গত কয়েকদিনের দাবদাহে কমপক্ষে ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
করাচিতে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, কেবল জিন্নাহ হাসপাতালেই মারা গেছে শতাধিক মানুষ।
মৃতদের বেশিরভাগই পুরুষ এবং তাদের বয়স ৫০ এর উপরে।
জেপিএমসি হাসপাতালের চিকিৎসক সিমিন জামালি সংবাদমাধ্যমকে জানান, এদের সবাই হিটস্ট্রোক অথবা পানিস্বল্পতায় মারা গেছেন। তাদের প্রায় সবাই বয়সে পঞ্চাশোর্ধ। এখনও তাপদাহে আক্রান্ত রোগীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বলে জানান তিনি।
শনিবার সিন্ধ প্রদেশের তিন জেলা জাকোবাদ, লারকানা ও শুক্কুরে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে ১৯৩৮ সালে করাচিতে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত মাসেই প্রতিবেশি দেশ ভারতে তীব্র তাপদাহে প্রায় এক হাজার ৭০০ মানুষ প্রাণ হারান।