ফ্রান্সের বর্তমান ও সাবেক দুই প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ'র গোপনে নজরদারীর ঘটনায় প্যারিসে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ফ্যাবিয়াস।
মঙ্গলবার হুইসেল ব্লোয়ার ওয়েবসাইটে প্রকাশিত উইকিলিকসের প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, নিকোলা সারকোজি ও জ্যাক শিরাকের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে এনএসএ।
বুধবার এ তথ্য ফাঁসের পর দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি সভা ডাকেন প্রেসিডেন্ট ওঁলাদ। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না।
তবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এনএসএ'র নজরদারীর বিষয়ে আলোচনা করতে ফ্রান্সের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে।