পাকিস্তানে গত কয়েকদিনের তীব্র দাবদাহে সিন্ধু প্রদেশে প্রাণহানির সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র করাচিতেই মারা গেছেন ৯৫০ জন এবং বাকিরা মারা গেছেন সিন্ধু প্রদেশের অন্যান্য এলাকায়।
বিবিসি সূত্র মতে, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর দেয়া তথ্য অনুযায়ি বুধবার প্রদেশটিতে ২২৯ জনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার থেকে শুরু হওয়া তাপদাহে প্রায় ৪০ হাজার লোক হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এক হাজারের বেশি মানুষ মারা গেছে।
এর ফলে হাসপাতালের মর্গগুলোতে স্থান সংকুলান হচ্ছে না। গরমে অসুস্থ হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ। বন্ধ রয়েছে প্রাদেশিক স্কুল ও সরকারি কার্যালয়গুলো। সেইসঙ্গে বিদ্যুত বিভ্রাট ও পানি সংকটে নাকাল সিন্ধু প্রদেশের বাসিন্দারা।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।