পাকিস্তানে গত কয়েকদিনের তীব্র দাবদাহে সিন্ধু প্রদেশে প্রাণহানির সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র করাচিতেই মারা গেছেন ১ হাজার ৪০ জন এবং বাকিরা মারা গেছেন সিন্ধু প্রদেশের অন্যান্য এলাকায়।
হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার করাচিতে নতুন করে মারা গেছে ৯০ জন। আর হায়দরাবাদ, ঠাট্টা, মাটিয়ারি ও বেনাজিরাবাদে মারা গেছে আরো ১৫ জন। এর ফলে হাসপাতালের মর্গগুলোতে স্থান সংকুলান হচ্ছে না।
হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, কিছুটা মেঘলা এবং ঝড়ো আবহাওয়ার কারণে হাসপাতালে হিটস্ট্রোকের রোগীর সংখ্যা কমেছে। তবে তাপদাহ এখনো পুরোপুরি কমেনি।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার থেকে শুরু হওয়া তাপদাহে ৪২ হাজারের বেশি লোক হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে।
ওই দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাট, পানি সঙ্কট ও রোজার কারণে বিশেষ করে বয়স্করা হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন।