কুয়েত সিটিতে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর পূর্বাঞ্চলের আল সাওয়াবের এলাকার মসজিদটিতে ওই হামলায় আরো ২০২ জন আহত হয়ছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএন) প্রতিবেদনে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী এক সংসদ সদস্য জানান, ইমাম আল সাদিক নামের মসজিদে হামলার সময় সেখানে প্রায় দুই হাজার মুসল্লি ছিলেন।
কুয়েতের কোনো শিয়া মসজিদে প্রথম এ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ওই বিবৃতিতে হামলাকারীর নাম আবু সুলাইমান আল মুয়াহেদ উল্লেখ করা হয়। শিয়া মুসলিমরাই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।
কুয়েতের এমপি খলিল আল-সালিহ রয়টার্সকে জানিয়েছে, হামলাকারী বয়সে তরুণ ছিল। মুসল্লিরা যখন সেজদা দিচ্ছিল তখন সে কক্ষের মধ্যে হাঁটছিল। তার বয়স ২০ এর মত। আমি তাকে দেখেছি।
ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ধাক্কায় কক্ষের সিলিং, দেয়াল সব ধ্বংস হয়ে গেছে।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহ বলেন, আমাদের জাতীয় ঐক্যকে হুমকির মুখে ঠেলে দিতেই এ হামলা চালানো হয়েছে। কিন্তু এটি তাদের (হামলাকারীদের) জন্য খুব কঠিন হবে। কারণ তারা যা ভাবছে আমাদের ঐক্য তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
সম্প্রতি সৌদি আরবের দুটি শিয়া মসজিদেও হামলা চালায় আইএস জঙ্গিরা।