গ্রিসে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের আহবানে সাড়া দিয়ে ঋণদাতাদের কঠিন শর্তসংবলিত বেইলআউট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জনগণ। রোববারের গণভোটে সুস্পষ্টভাবে জয়ী হয়েছে ‘না’ ভোট।
অর্থনৈতিক দূরবস্থা কাটিয়ে উঠতে কঠিন শর্তে ঋণদাতাদের সাহায্য নেয়া হবে কি-না- এই প্রশ্নে ওই গণভোট অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ‘না’ ভোট পড়েছে ৬১.৩% আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৮.৭%। ৬২.৫% ভোটার ভোট দিয়েছেন।
সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণভোটের এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।
এদিকে, ফলাফল প্রকাশের পর হাজার হাজার গ্রিক উল্লাস প্রকাশ করছে। রাস্তায় বেরিয়ে, পতাকা উড়িয়ে, আতশবাজি জ্বেলে আনন্দ উদযাপন করছে তারা। ‘না’ ভোট জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী সিপ্রাস জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
তবে, এই ফলাফলের কারণে আগামীতে গ্রিসকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ইউরোজোনের নেতৃবৃন্দ মঙ্গলবার গণভোটের এ ফলাফল নিয়ে বৈঠকে বসবেন। সূত্র: বিবিসি