গ্রিসের ঋণ সঙ্কট নিয়ে ব্রাসেলসে ইউরোজোনের নেতারা মঙ্গলবার জরুরি শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। তবে তার আগে গ্রিস নিয়ে ইউরোজোনের অর্থমন্ত্রীরা বৈঠক করবেন।
শীর্ষ বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে নতুন একটি প্রস্তাবনা তুলে ধরতে পারবেন বলে আশা করছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।
পরিকল্পনার মধ্যে গ্রিসের ঋণ ৩০% কমিয়ে ফেলার প্রস্তাব করা হবে। গ্রিসের অর্থনৈতিক দূরবস্থা কাটিয়ে উঠতে কঠিন শর্তে ঋণদাতাদের সাহায্য নেয়া হবে কি-না- এ প্রশ্নে রোববার দেশটিতে গণভোট হয়।
এই গণভোটে ইউরোজোনকে তোয়াক্কা না করে, বেইল আউট প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশটির জনগণ। এর প্রেক্ষাপটে দ্রুত ‘সিরিয়াস’ প্রস্তাব নিয়ে গ্রিস সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ।
এদিকে, গ্রিসের ব্যাংকগুলো আজ ও কালও বন্ধ থাকবে। সূত্র: বিবিসি