নতুন বেইলআউট চুক্তির জন্য গ্রিসের অর্থনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে ইউরোজোন অর্থমন্ত্রীদের ম্যারাথন বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। গ্রিস তার প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারবে কি-না সেব্যাপারে ইউরোজোন অর্থমন্ত্রীদের সংশয় এখনো কাটেনি।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা স্থানীয় সময় শনিবার ব্রাসেলসে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দেয়া প্রস্তাব নিয়ে দীর্ঘ ৯ ঘণ্টা বৈঠক করেন। তবে জার্মানি, ফিনল্যান্ডসহ উত্তর ইউরোপের বেশ কয়েকটি দেশ গ্রিসকে নতুন করে বেইলআউট দেয়ার ঘোর বিরোধী।
এদিকে, ফ্রান্স বেইলআউট দেয়ার পক্ষে। ম্যারাথন বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠক মুলতবি করা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় আবার বৈঠক শুরু হবে।
এরপর ব্রাসেলসে স্থানীয় সময় রোববার বিকেলে শুরু হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন। সেখানে গ্রিসের জন্য বেইলআউট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নতুন করে আরো তিন বছরের জন্য বেইলআউট চাইছে গ্রিস।
সেইসঙ্গে বকেয়া বিপুল ঋণের কিছুটা পুনর্গঠনও চায় দেশটি।