পরমাণু কর্মসূচি নিয়ে ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরানের সমঝোতার পর দেশটির রাজপথে উল্লাস করেছেন জনতা। ‘ঐতিহাসিক’ এ চুক্তিতে ‘নতুন অধ্যায়’ রচিত হয়েছে বলে টেলিভিশনে এক ভাষণে বলেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
মঙ্গলবার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নিতে সম্মত হয় ৬ পরাশক্তি।
এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এ চুক্তির ফলে নিশ্চিত হলো ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারছে না। তবে চুক্তিটির কঠোর সমালোচনা করেছেন মার্কিন রিপাবলিকান নেতারা।
মার্কিন কংগ্রেসে পারমানবিক চুক্তি অনুমোদিত হওয়ার জন্য ৬০ দিন সময় রয়েছে। কংগ্রেস এটি বাতিল কিংবা অবরোধ না তুলতে চাইলে ওবামা তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন বলে জানিয়েছেন।
এ চুক্তি আরব দেশগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে-এমন আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে তারা। আর একে ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।