পৃথিবীর সদৃশ নতুন একটি গ্রহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেখানে পৃথিবীর মতো সমুদ্র, সূর্যের আলো ও আগ্নেয়গিরি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিজ্ঞানীরা নাসার শক্তিশালী কেপলার টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর প্রায় জমজ এ গ্রহটি অবিস্কারের ঘোষণা দেন। শক্তিশালী কেপলার টেলিস্কোপ ব্যবহার করে এ গ্রহটির সন্ধান পাওয়ায়-এর নাম রাখা হয়েছে কেপলার ফোর-ফাইভ-টু বি বলেও জানান বিজ্ঞানীরা।
তাদের এ দাবী সত্য হলে, সৌরজগতের বাইরে এটিই হবে প্রথম কোনো আবিষ্কার যেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
নাসা জানিয়েছে, পাথুরে এ গ্রহ সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এবং সূর্য থেকে পৃথিবীর মতো প্রায় সমদূরত্বে রয়েছে। এক হাজার ৪শ' আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার ফোর-ফাইভ-টু বি নামে এ গ্রহটি পৃথিবীর চেয়ে ৬০ গুণ বড়।
কেপলার গবেষণা বিজ্ঞানী জেফ কাফলিন বলেন, গ্রহটির আকার, তাপমাত্রা, পৃথিবীর মতো পাথুরে বৈশিষ্ট্য, ভূপৃষ্ঠে পানি থাকার সম্ভাবনায় সেখানে প্রাণের অস্তিত্বের আশা জাগিয়েছে।
আর এর সবই সত্যি হলে 'কেপলার ফোর-ফাইভ-টু বি'ই হবে পৃথিবীর বাইরে প্রথম কোন গ্রহ যেখানে মানুষের মতো প্রাণীর অস্তিত্বের আশা জাগাচ্ছে বলেও জানান তিনি।