ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার একটি পুলিশ স্টেশনে বন্দুকধারীদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
সোমবার সকালে ভারতের পাকিস্তান সীমান্তবর্তী গুরুদাসপুর জেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুকধারীরা সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় এ হামলা চালায়। এছাড়া ওই বন্দুকধারীরা পুলিশ স্টেশনে হামলার আগে একটি প্রাইভেট কার হাইজ্যাক করে এবং একটি বাস লক্ষ্য করে গুলি চালায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেছেন, হামলাকারীরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
এদিকে, একইসময়ে ওই পুলিশ স্টেশনের পাশেই দিনানগর রেললাইন থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার পর পাঞ্জাবের পাকিস্তান সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।