চির নিদ্রায় শায়িত হলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি সদ্যপ্রয়াত এপিজে আবদুল কালাম। জন্মস্থান তামিলনড়ুর রামেশ্বরামে তাকে সমাধিস্থ করা হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ১২টার দিকে রামেশ্বরামে পেইকারুম্বু’র পাবলিক গ্রাউন্ডে এপিজে আবদুল কালামকে সমাধিস্থ করা হয়।
সকালে নিজ বাড়ি থেকে ৩ বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় ড. কালামের মরদেহ ঐতিহ্যগত সবুজ শালে ঢেকে সমাধিস্থলের উদ্দেশে রওনা হন। এ সময় তার বড়ভাই মোহাম্মদ মুঠু মীরা লেব্বাই মারাইকারসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।
সমাধিস্থলে নেয়ার পর এ প্রথিতযশা বিজ্ঞানীর দেহ ফুলে ফুলে ঢেকে যায়। এ সময় চারপাশ ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানে মুখর হয়ে ওঠে।
এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাড়িকর, সংসদ বিষয়কমন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু, কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধিসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও রামেশ্বরামে উপস্থিত হয়েছেন।
তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা অসুস্থতার কারণে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হতে পারেননি।
বুধবার আবদুল কালামের মরদেহ রাজধানী নয়াদিল্লি থেকে তামিলনাড়ু পৌঁছায়। পরে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হয় কালামের জন্মস্থান রামেশ্বরমে। সেখানে মরদেহ গ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ও প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা।
এরপর এ দ্বীপ শহরের শোকস্তব্ধ হাজার হাজার মানুষ তাদের প্রয়াত কৃতি সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।