নিজ দলের লোকসভা সদস্যদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। হাতে কালো ব্যান্ড পরে মঙ্গলবার মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে জড়ো হন কংগ্রেস এমপিরা।
এ সময় সোনিয়া গান্ধী বলেন, এমপিদের এই বরখাস্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং তারা যেভাবে কংগ্রেসের এমপিদের বরখাস্ত করেছে, তা পুরোপুরি গণতন্ত্র বিরোধী।
এদিকে, ভয় দেখিয়ে বিক্ষোভ প্রদর্শনে বাধা দিতে পারবে না সরকার এবং চাইলে পার্লামেন্ট থেকে কংগ্রেসের সব এমপিদের তারা বের করে দিতে পারেন বলে জানিয়েছেন দলটির ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধ।
গত সোমবার লোকসভায় অধিবেশন চলাকালে দুর্নীতির অভিযোগে বিজেপির বিতর্কিত ৩ নেতার পদত্যাগের দাবিতে প্রধান বিরোধীদল কংগ্রেসের এমপিরা প্লেকার্ড ও কালো ব্যান্ড পরিধান করে বিক্ষোভ প্রদর্শন করেন।
তবে বারবার নিষেধ সত্ত্বেও বিক্ষোভ করতে থাকলে কংগ্রেসের ২৫ এমপিকে ৫ দিনের জন্য বহিষ্কার করেন স্পিকার।