হিরোশিমা দিবস আজ (বৃহস্পতিবার)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন আগে হিরোশিমা শহরে প্রথম আনবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এর তিন দিন পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে মার্কিনিরা ফেলে দ্বিতীয় বোমাটি। পুরোপুরি ধ্বংস হয়ে যায় শহর দুটি। নিহত হয় ২ লাখ ২০ হাজার মানুষ।
ভয়াবহ সেই দিনটির কথা আজ স্মরণ করছে জাপানের মানুষ। প্রধানমন্ত্রী শিনজো আবে জোর দিলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর।
হিরোশিমা দিবসের ৭০তম বার্ষিকীতে ওই মুহূর্তটি স্মরণে জাপানজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই হিরোশিমায় উপস্থিত প্রায় ৪০ হাজার মানুষ মাথা নিচু করে নিঃশব্দে প্রার্থণা করেন।
এরপর হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে উপস্থিত হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে তিনি। এ সময় বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নির্মূল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী আবে।
৬ আগস্ট ১৯৪৫ সাল। মিত্র বাহিনীর হামলায় কোনঠাসা হয়ে পড়া জাপানের হিরোশিমা শহরে প্রথম আনবিক বোমা ফেলে মার্কিনিরা। ‘লিটল বয়’ নামের এ বোমার বিস্ফোরণে মুহূর্তে ধ্বংসস্তুপে পরিণত হয় প্রাণচঞ্চল শহর হিরোশিমা। সঙ্গে সঙ্গে মারা যায় শহরটির এক লাখ ৪০ হাজার মানুষ।
৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাট ম্যান’ নামে দ্বিতীয় বোমাটিও ফেলে মার্কিন বাহিনী। মারা যায় আরো ৮০ হাজার মানুষ। আনবিক বোমা হামলায় বেঁচে যাওয়া হাজার হাজার মানুষ হন তেজস্ক্রিয়তার শিকার, আমৃত্যু বয়ে বেড়ান তার ক্ষতচিহ্ন।