ভিয়েতনামে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-হ্যানয় সরাসরি ফ্লাইট চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন সেদেশে বসবাসরত বাংলাদেশিরা।
রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভিয়েতনাম প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল এ দাবি জানায়।
রাষ্ট্রপতি বলেন, ভিয়েতনামে ব্যবসা-বাণিজ্যের বিপুল সুযোগ-সুবিধা রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগ কাজে লাগাতে পারে।
বিকেলে কিংবদন্তী বিপ্লবী নেতা হো চি মিনের স্মৃতিসৌধে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে স্মৃতিসৌধের অভ্যন্তরে স্থাপিত জাদুঘর পরিদর্শন করেন ও এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এর আগে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে রাজধানী হ্যানয় পৌছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।