ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি রাবারের ডিঙ্গি থেকে ৫২ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৫০ জন।
ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা যায়, ডুবতে থাকা ডিঙ্গিটিতে কমপক্ষে ১০০ অবৈধ অভিবাসীকে শনাক্ত করে ইতালীয় নৌবাহিনীর হেলিকপ্টার। দ্রুত নৌবাহিনীর জাহাজ থেকে ভেলা পাঠিয়ে ৫০ জনকে উদ্ধার করতে সমর্থ হয় তারা। পরে ভাসমান একটি ব্যারেলে আকড়ে থাকা আরো ২ জনকে উদ্ধার করা হয়।
এদিকে, গ্রিসের কস দ্বীপে অবৈধ অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে। ফলে কর্তৃপক্ষ এবং অভিবাসী ও শরণার্থীদের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে।
মঙ্গলবার সকালে নিবন্ধন কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ শুরু করে অভিবাসন প্রত্যাশীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন কসের মেয়র।