বাংলাদেশ ও ভারতের বিশাল বাজারকে কাজে লাগিয়ে দু'দেশের বাণিজ্য সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের কাজ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করেন মোদি।
বুধবার নয়াদিল্লি পৌঁছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যে অংশ নেয়ার পর মোদির সঙ্গে তার বাসভবনে সৌজন্য বৈঠকে তারা এ কথা বলেন।
পরে শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ-ভারতের বিশাল বাজারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের প্রচেষ্টায় বড় কিছু করা যেতে পারে।
যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার চেয়ে বাস্তবায়ন অনেক কঠিন— নির্ভেজালভাবে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের ঘটনা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।
এ সময় শুভ্রা মুখার্জির কথা স্মরণ করে শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সময়ের কথা তুলে ধরে বলেন, বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যরা হত্যার শিকার হওয়ার পর দীর্ঘদিন নির্বাসনে ভারতে ছিলেন তিনি। তখন থেকেই প্রণব মুখার্জির পরিবারের সঙ্গে তার সম্পর্ক দিন দিন গভীর হয়েছে।