শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটার দাবিতে ভারতের গুজরাট রাজ্যে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ সামাল দিতে রাজধানী আহমেদাবাদের কয়েকটি এলাকাসহ আরো ৪টি শহরে কারফিউ জারি করেছে রাজ্য সরকার।
এ নিয়ে গত দুই দিনের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তলব করা হয়েছে।
বিক্ষোভকারীদের ডাকে মঙ্গলবার থেকে অবরোধ চলছে গুজরাটে। কার্যত অচল হয়ে পড়েছে আহমেদাবাদ।
চাকরি ও শিক্ষার ক্ষেত্রে কোটার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের তিন লাখের বেশি মানুষ মঙ্গলবার বিক্ষোভ করেছে।
বিক্ষোভে নেতৃত্বদানকারী হার্দিক প্যাটেলকে পুলিশ গ্রেপ্তার করলে আহমেদাবাদ, সুরাট, মেহসানাসহ বেশ কয়েকটি শহরে ভাঙচুর ও শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে হার্দিককে ছেড়ে দেয় পুলিশ।
আরো সহিংসতা এড়াতে রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন।