মালয়েশিয়ার পশ্চিম উপকূলে প্রায় ১০০ অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌযান ডুবে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেছে আরো ১৩ জনকে।
বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সাবাক বার্নাম থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় যাওয়ার পথে এ নৌযান ডুবির ঘটনা ঘটে।
নৌযানটির আরোহীরা ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
দেশটির উপকূলীয় নিরাপত্তা সংস্থার স্থানীয় প্রধান এডমিরাল মোহাম্মদ আলিয়াস হামদান জানিয়েছেন, এসব অভিবাসী বোঝাই নৌযানটি মালয়েশিয়ার তীরে ভিড়ার চেষ্টা করছিল নাকি ছেড়ে যাচ্ছিল সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
এর আগে গত সপ্তাহে লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৫০০ অভিবাসন প্রত্যাশী নিয়ে দুটি নৌযান ডুবির ঘটনায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে।
জাতিসংঘের হিসাবে, চলতি বছরের প্রথম ৮ মাসেই সাগরে ডুবে ২৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে।