অভিবাসন প্রত্যাশীদের ট্রেন থেকে নামিয়ে শরণার্থী শিবিরে নেয়ার চেষ্টাকে কেন্দ্র করে হাঙ্গেরিতে পুলিশ ও আশ্রয়প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার দু'দিন বিক্ষোভের পর বুদাপেস্টের প্রধান রেলস্টেশন শরণার্থীদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। এর পরপরই অস্ট্রিয়াগামী মনে করে একটি ট্রেনে উঠে পড়ে শরণার্থী ও অভিবাসীরা।
ট্রেনটি অস্ট্রিয়া সীমান্ত অভিমুখে না গিয়ে বুদাপেস্টের ৪০ কিলোমিটার পশ্চিমে বিকস্কে শহরে গিয়ে থামে। স্টেশনে পুলিশ অভিবাসীদেরকে ট্রেন থেকে নামিয়ে জোর করে শরণার্থী শিবিরে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধ্বস্তাধ্বস্তি হয়।
শরণার্থী শিবিরে নাম নিবন্ধন করে আটকে পড়ার ভয়ে পুলিশের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ট্রেনেই রাত্রিযাপন করে তারা।
এদিকে, পশ্চিম ইউরোপগামী ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ।