হাঙ্গেরিতে আটকেপড়া শরণার্থীদের মধ্যে কয়েক হাজার বাসে করে অস্ট্রিয়া পৌঁছেছে। এসব আশ্রয়প্রার্থী সেদেশে থাকতে পারবে কিংবা চাইলে জার্মানিও যেতে পারবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার সরকার। অস্ট্রিয়া ও জার্মানি তাদের আশ্রয় দিতে সম্মত হওয়ার পরই শুক্রবার শরণার্থীদের সীমান্ত অতিক্রমের অনুমতি দেয় হাঙ্গেরি।
সেইসঙ্গে অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে শুক্রবার মধ্যরাত থেকেই বিশেষ বাস সার্ভিস চালু করেছে দেশটি। এদিকে, শরণার্থী সংকট নিরসনে উদ্যোগী হতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে ভয়াবহ অভিবাসন সংকটে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে থেকে আসা শরণার্থীদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে শুক্রবার ২ লাখের মতো শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য জোর তাগিদ দিয়েছে জাতিসংঘ।
এর পরপরই হাঙ্গেরিতে আটকে পড়া কয়েক হাজার শরণার্থীকে সীমান্ত অতিক্রমের অনুমতি দেয় অস্ট্রিয়া ও জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে আলোচনার পর এক ঘোষণায় এ কথা জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্নার ফেইম্যান। অস্ট্রিয়া সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শরণার্থীরা চাইলে সেদেশে থাকতে পারবে বা সীমান্ত অতিক্রম করে জার্মানি যেতে পারবে।
এ ঘোষণার পরই শুক্রবার রাতে এসব আশ্রয়প্রার্থীদের সীমান্ত অতিক্রমের অনুমতি দেয় হাঙ্গেরি। অভিবাসীদের অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে মধ্যরাতের রাতেই বিশেষ বাস সেবাও চালু করে দেশটি।
কমপক্ষে ১০০ বাস রাজধানী বুদাপেস্টের প্রধান রেল স্টেশনে ক্যাম্প করে থাকা অভিবাসীদের পরিবহন করছে। আর অস্ট্রিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়া শরণার্থীদের পরিবহনে আরো ১২০০ বাস দেয়া হয়েছে।
এরইমধ্যে বাসে করে কয়েক হাজার শরণার্থী শনিবার অস্ট্রিয়া সীমান্তে পৌঁছেছে। সেখানে নিবন্ধন ও বিভিন্ন প্রক্রিয়ার আগে তাদের জন্য ওষুধ, পাণীয় ও খাবারের ব্যবস্থা করে রেডক্রস।
এর আগে পশ্চিম ইউরোপের দেশগুলোতে শরণার্থীদের যেতে বাধা দিয়েছিল হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্টের প্রধান স্টেশনের বাইরে অপেক্ষা আর টানা কয়েকদিন পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানের পর অস্ট্রিয়া বা জার্মানি যাওয়ার অনুমতি পায়নি তারা।
কর্তৃপক্ষের সব বাধা উপেক্ষা করে, নিজেদের নাম নিবন্ধনের তোয়াক্কা না করে পায়ে হেঁটেই অস্ট্রিয়া সীমান্তের দিকে রওয়ানা দেয় শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা।