মধ্যপ্রাচ্যে সংঘাতে গৃহহারা মানুষদের সহায়তায় নতুন করে ১২ হাজার সংখ্যালঘু সিরীয় শরণার্থীকে আশ্রয়ে দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বুধবার এ কথা জানান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
তিনি বলেন, জর্ডান, লেবানন ও তুর্কিতে অস্থায়ী শরণার্থী শিবিরে থাকা নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসব অভিবাসন প্রত্যাশীদের নেয়া হবে।
এছাড়া, সিরিয়া ও ইরাক যুদ্ধে গৃহহারা মানুষের সহায়তায় জাতিসংঘকে ৩ কোটি ২০ লাখ ডলার আর্থিক সহায়তা দিবে অস্ট্রেলিয়া। পাশাপাশি সিরিয়ায় আইএস বিরোধী অভিযান জোরদার করবে ক্যানবেরা।
তবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শরণার্থী গ্রহণের বিষয়ে অস্ট্রেলীয় সরকারের এ ঘোষণার সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো।
এদিকে, ইউরোপে চলমান শরণার্থী সংকট মোকাবেলায় ১ লাখ ২০ হাজার আশ্রয়প্রার্থীকে কোটার ভিত্তিতে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বন্টন সংক্রান্ত এ পরিকল্পনা বুধবার ঘোষণা দেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার।