ব্যাংককে মন্দিরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনার মূল পরিকল্পনাকারী বাংলাদেশে পালিয়ে এসেছে বলে ধারণা করছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। এ অবস্থায় সন্দেহভাজন চীনা নাগরিক আবু আব্দুল রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছে থ্যাইল্যান্ড।
বুধবার এমন তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক দ্য নেশন। তবে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল ডেস্কের উপ-মহাপরিদর্শক জানিয়েছেন, এ বিষয়ে থাইল্যান্ডের কেউ যোগাযোগ করেনি। ইন্টাপোলও কোন তথ্য পাঠায়নি। তথ্য পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্যও জানা যায় নি। বোমা হামলার ঘটনায় কোন অর্থ লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে থাইল্যান্ডের অর্থ পাচার বিরোধী অফিস কাজ শুরু করেছে।
পর্যটকদের কাছে আকর্ষণীয় ব্যাংককের এরাওয়ার মন্দিরের কাছে প্রায় ৩ সপ্তাহ আগে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৪ জন বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। হামলায় জড়িত সন্দেহে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়। গ্রেপ্তার করা হয় দুই বিদেশি নাগরিককে।
জিজ্ঞাসাবাদে তাদের একজন জানান, এক ব্যক্তিকে ব্যাকপ্যাক দেয়া হয় এবং তিনিই হামলাটি চালান। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশটির পুলিশ প্রধান জেনারেল চাকথিপ চাইচিনদার বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত এবং জিজ্ঞাসাবাদে পাওয়া স্বীকারোক্তি থেকে তারা নিশ্চিত এই বিস্ফোরণের পরিকল্পনায় ছিলেন চীনের পাসপোর্টধারী আবু আল আব্দুল রহমান ওরফে ইজান। বিস্ফোরণের আগের দিন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের বিজি-০০৮৯ ফ্লাইটে বাংলাদেশে এসেছে ইজান।