ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৯০ জন। গুরুতর আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
শনিবার সকাল ৯টার দিকে পেতলাওয়াদ শহরের একটি বাসস্ট্যান্ডের কাছে সেথিয়া রোস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেস্তোরাঁর দোতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। বিস্ফোরণে আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, রোস্তারাঁর পাশে একটি বাড়িতে খনিতে ব্যবহারের জন্য গ্যালাটিন মজুদ ছিল বলে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। স্থানীয়দের সহায়তায় এখনো উদ্ধার অভিযান চলছে।
এদিকে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। (সূত্র: এনডিটিভি)