মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দেশগুলোর দিকে শরণার্থীদের ঢল অব্যাহত রয়েছে—সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরি তার সীমান্ত বন্ধ করে দেয়ার পর এরইমধ্যে ৬ হাজারের বেশি শরণার্থী ক্রোয়েশিয়া পৌঁছেছে।
বাসে করে, আবার কেউ পায়ে হেঁটে ক্রোয়েশিয়ায় প্রবেশ করেছেন। দেশটির সীমান্ত শহর তুভারনিকের একটি রেলস্টেশনে ভিড় করছেন তারা।
সেখান থেকে শরণার্থীদেরকে নিবন্ধনের জন্য তাদেরকে রাজধানী জাগ্রাবে নিয়ে যাওয়া হচ্ছে।
আগামী ২ সপ্তাহে ক্রোয়েশিয়ায় কমপক্ষে ২০ হাজার শরণার্থী আসতে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।
গত বুধবার ৭ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী জার্মানি পৌঁছায়। যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে আসা এসব শরণার্থীদের লক্ষ্য জার্মানি।
এদিকে, বাধ্যতামূলক কোটায় ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভাগাভাগি করে নেয়ার ব্যাপারে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট।