শরণার্থীদের ঢল সামলাতে না পেরে সার্বিয়ার সঙ্গে সীমান্তের ৮টি পয়েন্টের মধ্যে ৭টি বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। একইসঙ্গে যেসব রাস্তা সীমান্তের দিকে গেছে সেগুলোও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি সূত্র মতে, এরইমধ্যে ক্রোয়েশিয়ায় ১০ হাজারের বেশি শরণার্থী প্রবেশ করায় তাদের পক্ষে আর কোনো শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব নয়।
এদিকে, ক্রোয়েশিয়া থেকে রেলযোগে স্লোভেনিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার শরণার্থীদের বড় একটি দলকে আটকে দেয়া হয়েছে। তাদেরকে শিগগিরই জাগ্রেবে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্লোভেনিয়া পুলিশের মুখপাত্র। ইউরোপীয় ইউনিয়নের রেগুলেশনের নির্দেশ অনুযায়ী, শরণার্থীরা প্রথম যে দেশে পৌঁছাবে সেখানে তাদের শরণার্থী হিসেবে নিবন্ধন করতে হবে।
তবে জার্মানি এবং অস্ট্রিয়াগামী বেশির ভাগ আশ্রয়প্রার্থীই হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়ার মতো দেশগুলোতে নিবন্ধন করতে আগ্রহ দেখাচ্ছে না।