জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের জন্য অপেক্ষা করবে না বরং সীমিত সম্পদ ও প্রযুক্তি নিয়ে নিজেদের রক্ষায় লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের হাফিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অল্প কয়েক দিনের মধ্যে টেকসই উন্নয়ন ২০৩০ এজেন্ডাগ্রহণ করবে বিশ্ব। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে রয়েছে।
বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সফল হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
তবে জলোচ্ছ্বাস, অস্বাভাবিক বৃষ্টিপাতের মতো বৈরি আবহাওয়া কৃষি, শিল্পোন্নয়ন আর সামাজিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব রেখে চলেছে। এ কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জলবায়ু চুক্তির মতো উদ্যোগগুলো বাস্তবায়নে বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।