সৌদি আরবের পূর্বাঞ্চলে শুক্রবার এক বন্দুকধারী গুলিতে পাঁচ জনকে নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী পুলিশের গুলিতে মারা যায়। আইএস জঙ্গি দলের সঙ্গে জড়িত একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।
এএফপির খবরে জানা যায়, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, গুলিতে পাঁচজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন নারী। আহত হয়েছেন নয় জন।
তিনি বলেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অস্ত্র হাতে ওই ব্যক্তিকে দেখা যায়। কাতিফ শহরে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান আশুরার জন্য ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে তিনি একের পর এক গুলি ছোড়েন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। হামলাকারীর পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
সৌদি আরবের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর বয়স প্রায় ২০ বছর।
আইএস জঙ্গি দলের সঙ্গে জড়িত ইসলামিক স্টেট-বাহরাইন স্টেট হামলার দায় স্বীকার করেছে। এক ইশতেহারে তারা বলেছে, সুগহা আল দোসারি নামে তাদের এক যোদ্ধা ওই হামলা চালিয়েছে ও নিহত হয়েছে।
গত বছর আশুরার সময় এক বন্দুকধারী গুলি করে শিশুসহ সাতজনকে হত্যা করে। তারা সবাই শিয়া সম্প্রদায়ের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আইএস জঙ্গিরা জড়িত থাকতে পারে।