সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সরাতে রাজপারিবারে বিদ্রোহের আলামত পাওয়া যাচ্ছে। সালমানের ১১ ভাইয়ের মধ্যে ৮ জনই তাকে অপসারণের বিষয়ে একমত বলে সম্প্রতি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে জানিয়েছেন তাদের একজন।
তিনি বলেন, বাদশাহ সালমানকে সরিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজকে ক্ষমতায় বসাতে চান তারা। তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও লন্ডনে সৌদি দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানায় ব্রিটিশ দৈনিকটি।
সিংহাসনের দাবিতে সৌদি রাজপরিবারে বিদ্রোহের খবর চলে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ক্ষমতায় চান না তার এগারো ভাই। সম্প্রতি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজদের একজন এ তথ্য প্রকাশ করেন।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবরাজ বলেন, সালমানকে হটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আহমেদকে সিংহাসনে বসাতে চান তারা। শিক্ষিত, ধর্মানুরাগী ও ইংরেজিতে পারদর্শী আহমেদকে সৌদি আরবের যোগ্য উত্তরসূরি বলে মনে করেন বেশির ভাগ উলামা ও ধর্মীয় নেতারা।
রাজপরিবারে ১৯৬৪ সালের মতো বিদ্রোহের ঘটনা এবারো ঘটতে পারে--উল্লেখ করে আল সউদের এই নাতি বলেন, বর্তমান পরিস্থিতিতে সালমানের কাছে দুটি পথ খোলা আছে। তিনি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়তে পারেন নতুবা আহমেদকে ক্রাউন প্রিন্স ঘোষণা করা যেতে পারে। তখন আহমেদকে তেল, অর্থনীতি, সমরাস্ত্র, অভ্যন্তরীণ ও গোয়েন্দা বিভাগসহ প্রায় সবকিছুর দেখভালের সুযোগ পাবেন।
শাসক হিসেবে কিছু সিদ্ধান্ত, নিজের ছেলে মোহাম্মদকে ডেপুটি ক্রাউন প্রিন্স বানানো, ইয়েমেনে যুদ্ধে জড়ানো ও সবশেষ এবারের হজে অব্যবস্থাপনা বাদশা সালমানকে অজনপ্রিয় করে তুলেছে বলে মন্তব্য তার।
ব্রিটিশ ওই পত্রিকা আরো জানিয়েছে, যুবরাজদের ক্ষোভের খবরটির সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হলে ব্রিটেনে সৌদি দূতাবাসে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
এদিকে, বিশ্লেষকরা মনে করছেন, সৌদি রাজপরিবারের বিদ্রোহের কথা ছড়িয়ে পড়লে সশস্ত্র আরব বেদুইনদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।