প্রচণ্ড শীতের কারণে ইউরোপের বিভিন্ন দেশের অভ্যর্থনা কেন্দ্রে আরো এক লাখ শরণার্থীর থাকার ব্যবস্থাসহ ১৭ দফা পরিকল্পনার বিষয়ে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ও বলকান অঞ্চলের নেতারা।
স্থানীয় সময় রোববার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১১টি দেশ ও ইউনিয়নের বাইরের ৩টি দেশের সরকার প্রধানরা বৈঠকে বসেন। চুক্তি অনুযায়ী চলতি বছরের শেষ পর্যন্ত নিজ দেশের অভ্যর্থনা কেন্দ্রে ৩০ হাজার শরণার্থীর থাকার ব্যবস্থা রাখবে গ্রিস।
একইসময়ে গ্রিসে ইউএনএইচসিআর আরো ২০ হাজার শরণার্থীর থাকার ব্যবস্থা করবে। এছাড়া, শরণার্থীদের পছন্দের গন্তব্যস্থল জার্মানিসহ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে যাওয়ার পথে বিভিন্ন বলকান দেশে বাকী ৫০ হাজার শরণার্থীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, গত সপ্তাহে প্রতিদিন ৯ হাজারের বেশি শরণার্থী গ্রিসে প্রবেশ করে যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ।