নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে প্রকাশ পেলেন বিদ্যা ভান্ডারি। বুধবার দেশটির পার্লামেন্ট এই আইনপ্রণেতাকে এ পদে নির্বাচিত করেছে।
বার্তা সংস্থা এএফপির খবর থেকে জানা যায়, বিদ্যা ভান্ডারি ৩২৭-২১৪ ভোটে সাবেক প্রতিরক্ষামন্ত্রী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন।
বিদ্যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারপারসন। তিনি বর্তমান রাষ্ট্রপতি রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন। ২৪০ বছরের রাজতন্ত্রের অবসানের পর যাদব ২০০৮ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বর্তমান প্রেসিডেন্ট যাদব দুই বছরের জন্য এই পদে আসীন হয়েছিলেন। তবে ওই সময়ের মধ্যে নতুন একটি সংবিধানের ব্যাপারে নেপালের রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে না পারায় তার দায়িত্বকাল বেড়ে যায়। অবশেষে নেপাল গত মাসে নতুন একটি সংবিধান প্রণয়ন করেছে।
৫৪ বছর বয়সী বিদ্যা শীর্ষপদে নির্বাচিত হওয়া দ্বিতীয় নারী। এর আগে দেশটির প্রথম নারী স্পিকার নির্বাচিত হন অনসারি ঘারতি মাগার।