রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন মারা গেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল অপেরা বলেন, জাতীয় দুর্যোগ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এদিকে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস ইউহান্নিস এ বিষয়ে ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে এ রকম দুর্ঘটনায় তিনি শোকাহত।
বিবিসি সূত্রে জানা গেছেয়, রাত ১১টার দিকে কোলেকটিভ নামের নৈশক্লাবটিতে আগুন লাগে এ সময় সেখানে কয়েক শ' মানুষ উপস্থিত ছিলেন। ‘গুডবাই টু গ্র্যাভিটি’ নামের একটি ব্যান্ডদলের নতুন অ্যালবামের প্রচারে সেখানে অনুষ্ঠান চলছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্লাবের মধ্যে অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোর সময় সেখান থেকে বিস্ফোরণ ঘটে আগুন লাগে।
উদ্ধারকারী দলের প্রধান রায়েদ আরাফাত জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ১৫৫ জন মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, ক্লাবের মধ্যে আতশবাজি পোড়ানো হচ্ছিল সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানতে পেরেছি— বিষয়টি তদন্ত চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভিক্টর আইওনেসকু স্থানীয় টিভি চ্যানেল অ্যান্টেনা ৩-কে বলেন, ধোঁয়ায় অনেকে অজ্ঞান হয়ে যান। হুড়োহুড়িতে পালাতে গিয়ে অনেকে পড়ে যান। ঘটনার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।