ডাচ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টা লাখো মানুষের জীবন বদলে দিতে পারে। বৃহস্পতিবার হেগে নেদারল্যান্ডসের ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত সেমিনারে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের অপার সম্ভাবনা তুলে ধরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বস্ত্র, চামড়া, পাট, সিরামিক, ওষুধ, পেট্রোক্যামিকেলস, জাহাজ নির্মাণ, কৃষি প্রক্রিয়াকরণ, প্ল্যাস্টিক পণ্য, হালকা প্রকৌশল এবং ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, তথ্য-প্রযুক্তি আর বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো উন্নয়নের মত খাতে ডাচ কোম্পানিগুলোকে আমরা বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশ এরইমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছে গেছে জানিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যের কথাও সেমিনারে তুলে ধরেন শেখ হাসিনা।
তিনি বলেন, বিনিয়োগ নীতির দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম উদার দেশ। এ দেশে বিদেশি বিনিয়োগকারীদের যেমন আইনি সুরক্ষা দেয়া হচ্ছে, তেমনি তারা শুল্ক ও কর রেয়াতের মত সুবিধা পাচ্ছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পোর জন্য আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ জোন রয়েছে। সরকার এখন ১০০টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং বেশ কয়েকটি হাই-টেক পার্ক গড়ে তুলতে কাজ করছে, যেখানে ডাচ কোম্পানিগুলো ব্যবসার সুযোগ নিতে পারে।
এর আগে বুধবার নেদারল্যান্ডসের হেগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা সিরোটির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী যান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর বাসভবনে ‘কাস্টহুইসে’। সেখানে তাকে স্বাগত জানান ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট।
পরে দুই বন্ধুপ্রতীম দেশের প্রধানমন্ত্রী অংশ নেন দ্বিপাক্ষিক বৈঠকে। এতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের ‘ডেল্টা প্ল্যান’ বাস্তবায়নে দুই দেশ আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে মতৈক্য হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাটের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
এ সময় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও নেদারল্যান্ডস ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
এছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং দেশটির দুটি বিশ্ববিদ্যালয় সহযোগিতার বিষয়ে একমত হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসের বিখ্যাত বন্দর রটারডামসহ বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে বন্দর ও এর ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। পোতাশ্রয় পরিদর্শন করতে ফিউচারল্যান্ডেও যান শেখ হাসিনা।