মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু না হলেও নিরপেক্ষ হয়েছে—বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি।
মিয়ানমারে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বিবিসিকে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটির মুসলিম জনগোষ্ঠির স্বার্থরক্ষায় কাজ করবে তার দল। পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট হওয়া ৩৩০টি আসনের মধ্যে প্রকাশিত ৮৮টির মধ্যে ৭৮টিতেই জয় পেয়েছে তার দল এনএলডি। নির্বাচন অবাধ না হলেও নিরপেক্ষ হয়েছে।
সংবিধান অনুযায়ি প্রেসিডেন্ট হতে না পারলেও বিজয়ী দলের প্রধান হিসেবে যেকোনো সিদ্ধান্ত নিতে কোনোভাবে তাকে আটকানো যাবে না বলেও জানান সু চি।
এ সময় তিনি আরো বলেন, মুসলিমদের ওপর নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা হবে।
এদিকে, নির্বাচনের ফল প্রকাশে কমিশন ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপন করছে বলেও অভিযোগ করেছে সু চির দল।
উল্লেখ্য, রোববারের পার্লামেন্ট নির্বাচনে নিম্নকক্ষের ৪৪০ আসনের মধ্যে ৩৩০ এবং ২২৪ আসনবিশিষ্ট উচ্চকক্ষের ১৬৮টিতে ভোটগ্রহণ হয়।
সংবিধান অনুযায়ী উভয় পরিষদে বাকী আসনগুলো পূরণ করবেন সেনাবাহিনীর সদস্যরা। এনএলডিকে সরকার গঠন করতে হলে দুই পরিষদ মিলে ৩৩০টি আসন পেতে হবে।