বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারো সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে এখনও সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে বলে মনে করছে দেশটি।
সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুনের পর ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভ্রমণ সতর্কতা জারি করলেও খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ই এবার এ সতর্কতা জারি করলো।
সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারকে বেশিরভাগ জনবহুল এলাকায় যাওয়ার অনুমতি দেয়নি। তাদেরকে রাস্তায় কিংবা গলিতে পায়ে হেঁটে, মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা অথবা খোলা যানবাহনে চড়া নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক হোটেলের অনুষ্ঠানসহ বড় সমাবেশে যোগ দেয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তবে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করছেন।