আইএসকে ধ্বংস করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ-অধিবেশনে দেয়া বক্তব্যে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।
ওলাঁদ বলেন, গত শুক্রবারের প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে একটি বিল তুলবেন তিনি। এ ছাড়া সংবিধান সংশোধনেরও ইঙ্গিত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
প্যারিসের ৬টি স্থানে আইএসের ওই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩২ জন নিহত হয়। ভয়াবহ ওই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ফ্রান্সের সামরিক তৎপরতা জোরদার করা হবে বলে জানিয়েছেন ওলাঁদ।
আইএস দমনের উপায় নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি বলেও জানান।
এদিকে, সন্ত্রাসবাদ মোকাবেলায় সংহতি প্রকাশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন প্যারিস সফর করছেন। তিনি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদের সঙ্গে এলিজি প্রাসাদে বৈঠক করবেন।
কেরি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ফ্রান্সের সঙ্গে একযোগে কাজ করবে।
প্যারিস হামলায় সরাসরি জড়িত সন্দেহভাজন তিন বেলজিয়ান ভাইয়ের একজন সালাহ আবদেসালামকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে ফ্রান্স ও বেলজিয়ামে তল্লাশি অভিযান চলছে।
এদিকে, ফরাসী যুদ্ধবিমান সিরিয়ার রাক্কা শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে আবারো ব্যাপক হামলা চালিয়েছে। সিরিয়ায় বিমান হামলা আরো জোরদার করতে আগামী বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধবিমানবাহী একটি রণতরীও পাঠাচ্ছে ফ্রান্স।