প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ বুধবার নগরীর উপকণ্ঠে পুলিশের অভিযানে নিহত হয়েছেন। আঙ্গুলের ছাপ থেকে তার মৃতদেহ শনাক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন প্যারিসের প্রসিকিউটর।
এদিকে, জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিলের উপর পার্লামেন্টে বিতর্ক চলার সময় দেশটির প্রধানমন্ত্রী মানুয়েল ভালস শঙ্কা প্রকাশ করে বলেন, ফ্রান্সে ভয়াবহ রাসায়নিক বা জীবাণু হামলার আশঙ্কা করা হচ্ছে।
জরুরি অবস্থার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে ফরাসি পার্লামেন্ট।
প্যারিসের উপকণ্ঠ সাঁন দনিতে বুধবারের পুলিশের অভিযানে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ নিহত হয়েছে। আঙ্গুলের ছাপ থেকে ফরাসী কর্তৃপক্ষ তার মৃহদেহ সনাক্ত করেছে বলে বিবিসি জানিয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলার পরপরই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্রয়োজনে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়াতে পার্লামেন্টে বিল উত্থাপনেরও ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্ন কক্ষে দীর্ঘ বিতর্ক শেষে সর্বসম্মতিক্রমে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর বিল পাস হয়। এখন উচ্চ কক্ষে এ বিল পাস হলে তা আইনে পরিণত হবে।
পার্লামেন্টে এ বিল নিয়ে বিতর্ককালে ফরাসী প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন ফ্রান্স বড় ধরণের রাসায়নিক বা জীবানু হামলার ঝুকিতে রয়েছে।
এদিকে, বেলজিয়ান পুলিশ প্যারিসে হামলাকারী বিলাল হাদফি ও সালাহ আব্দেসালামের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের ধরতে ব্রাসেলসের মলেনবেখসহ ৬টি স্থানে অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। সন্ত্রাসবাদ মোকাবেলায় অতিরিক্ত অর্থবরাদ্দেরও ঘোষণা দিয়েছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী।
এদিকে, জঙ্গীগোষ্ঠী আইএসের প্রকাশিত নতুন ভিডিওতে নিউইয়র্কে আত্মঘাতী হামলা চালানোর যে হুমকি দেয়া হয়েছে তার প্রেক্ষিতে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইএস জঙ্গিরা চীন ও নরওয়ের দুই জিম্মিকে হত্যা করেছে এমন ঘোষণা দেওয়ার পর বেইজিং বলেছে হত্যাকারীদের ধরে বিচারের আওতায় আনা হবে।
ইস্তাম্বুল হয়ে ইউরোপে যাওয়ার পথে মরক্কোর ৮ তরুণকে আটক করে তুর্কি কর্তৃপক্ষ। তাদের সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আবার মরক্কো ফেরত পাঠানো হয়।