পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে হোটেলে রেডিসনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
এ হামলায় তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম। জানা গেছে এ পর্যন্ত ৮০ জনকের উদ্ধার করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দু’জন হামলাকারী ১৪০ জন অতিথি ও ৩০ জন হোটেল কর্মীকে জিম্মি করেছে বলে নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যম দাবি করেছে, হামলাকারীর সংখ্যা ১০ জন।
১৯০ কক্ষবিশিষ্ট হোটেল রেডিসন ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলটির অষ্টমতলায় হামলার ঘটনাটি ঘটেছে। এ তলার করিডোরে গুলি ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়।
আক্রান্ত হোটেলের তাম্বা দিয়ারা নামের এক কর্মী টেলিফোনে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। তবে হতাহতের কোনো তথ্য তার কাছে নেই।
এদিকে, বামাকোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এক টুইট বার্তায় সেখানকার মার্কিন নাগরিকদের সাবধান থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান নিতে ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।