মালিতে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
আফ্রিকার এ দেশটির রাজধানী বামাকোতে পাঁচ তারকা হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার পর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
শনিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ওই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইটা মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন।
এরপর দেশব্যাপী ১০ দিনের জরুরি অবস্থার ঘোষণা দেয়া হয় যা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। এ ছাড়াও ওই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে, জঙ্গি সংগঠন আল-মুরাবিতোয়ান এ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত। আল জাজিরার এক খবরে জানানো হয়, আল-মুরাবিতোয়ানের নেতা আলজেরিয়ার জঙ্গি মোখতার মেলমোখতার এক অডিও বার্তায় ওই হামলার দায় স্বীকার করেছেন।
এদিকে, জানানো হয়েছে হোটেলটিতে আর কোনো জিম্মি নেই বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। হোটেল থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী এবং মার্কিন ও ফরাসি এলিট ফোর্সের সহায়তায় মালির বিশেষ বাহিনীর কমান্ডো অভিযানে দুই বন্দুকধারীও নিহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে গুলি চালাতে চালাতে মুখোশ পড়া ২জন বন্দুকধারী হোটেলে প্রবেশ করে। প্রত্যক্তদর্শীরা জানান বন্দুকধারীরা কূটনৈতিক লাইসেন্স প্লেট লাগানো একটি গাড়িতে করে আসে।
তারা হোটেলের ১৪০ জন অতিথি এবং ৩০ জন কর্মীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে বেশ কয়েকজন ফরাসি ছাড়াও মার্কিন, ভারতীয়, চীনা নাগরিক ও টার্কিশ এয়ার লাইন্সের কয়েকজন কর্মী ছিলেন।