যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরকে দুঃখজনক অভিহিত করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যাসহ নানা অপরাধ সংঘটনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলেও মন্তব্য করেছে দেশটির সরকার।
রোববার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডন। এছাড়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির খবর প্রচারিত হয়।
বরাবরই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসা পাকিস্তান এবারো তাদের পুরনো পথেই হাটলো।
দৈনিক ডন জানায়, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
একই সময় একাত্তরের দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে সাকা চৌধুরীকে প্রভাবশালী রাজনীতিক এবং মুজাহিদকে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলের একজন শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া, রয়টার্সসহ অন্যান্য বার্তাসংস্থাগুলোও বেশ কয়েকবার আপডেট করে খবরটি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, কাতারভিত্তিক আল-জাজিরা, চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া, ভারতের প্রভাবশালী ইংরেজী দৈনিক দ্য হিন্দু, পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজারসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত-প্রচারিত হয়েছে।
তবে, অধিকাংশ সংবাদ মাধ্যমই একাত্তরে গণহত্যা, নির্যাতন ও বুদ্ধিজীবী হত্যায় সাকা চৌধুরী ও মুজাহিদের জড়িত থাকার বিষয়টি তুলনামূলক কম গুরুত্ব দিয়ে, এমনকি বিরোধী দলের নেতা হিসেবেই তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।