সন্ত্রাসী হামলার হুমকি দিন দিন বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ওপর বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, আইএস, আল কায়েদা ও বোকো হারামের মতো সন্ত্রাসী দলগুলো বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করছে তারা। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্টভাবে কেবল যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা হতে পারে এমন কোনো নিশ্চিত তথ্য তাদের হাতে নেই।
গত এক মাসে ফ্রান্স, রাশিয়া, মালি এবং আরও কয়েকটি দেশ সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে, যেসব ঘটনায় দায় স্বীকার করেছে বিভিন্ন জঙ্গি দল।
এ ভ্রমণ সতর্কতার মানে হল, বিদেশের মাটিতে চলাফেরা, জনসমাগমস্থলে যাতায়াত এবং যানবাহন ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। সেই সঙ্গে ভিড়-ভাট্টা এড়িয়ে চলতে এবং আশেপাশে কারা আছে তা সব সময় খেয়াল রাখতে বলা হয়েছে তাদের।
এর আগে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এবং নাইন-ইলেভেনের দশকপূর্তিতে ২০১১ সালে দুই দফা পুরো বিশ্বে এ ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।