সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান সরকার ‘সামঞ্জস্যহীনভাবে অতি আবেগ’ দেখিয়েছে—বলে মন্তব্য করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর।
সোমবার ইসলামাবাদ হাইকোর্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরে মঙ্গলবার পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, সরকারের এমন প্রতিক্রিয়া এ বার্তা দেয় যে দেশের মানুষের চেয়ে বাংলাদেশের বিরোধী দলের নেতাদের প্রতি পাকিস্তান সরকারের অধিক ভালোবাসা ও আবেগ রয়েছে— বলেন আসমা জাহাঙ্গীর।
তবে সে দেশের সামরিক আদালতে ও সৌদি আরবে পক্ষপাতদুষ্ট বিচারের মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের মৃত্যুদণ্ড দেয়া হলেও সে ব্যাপারে সরকার নীরব থাকে বলে মন্তব্য করেন পাকিস্তানের এ মানবাধিকার কর্মী।
সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের দুঃখ ও উদ্বেগ জানানোর সমালোচনা করেন আসমা জাহাঙ্গীর বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে পাকিস্তানে সেসব মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, ‘আশা করি, সরকার তাদের ক্ষেত্রেও একই ধরনের আবেগ দেখাবে।’
তিনি আরো বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পাকিস্তানে ও সৌদি আরবে যেসব পাকিস্তানি নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে, তাদের প্রতি আগে সরকারকে আবেগ দেখাতে হবে। পরে বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে ভাবতে হবে।
আসমা জাহাঙ্গীর বলেন, সরকারের এমন আবেগ একটি ব্যাপার নিশ্চিত করেছে যে ওই দুই জন (সাকা ও মুজাহিদ) রাজনৈতিক এজেন্ট ছিলেন এবং পাকিস্তানের জন্য কাজ করতেন। ওই দুজন বাংলাদেশি কী পাকিস্তানে বসবাসকারী নাগরিকদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কেন এবং কিসের জন্য—সরকারের এটাও পরিষ্কার করা উচিত।