যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় পাকিস্তান সরকারের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সমালোচনা করেছে সেদেশের দ্য ডেইলি টাইমস পত্রিকা। মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করণের সম্পাদকীয়তে এ সমালোচনা করা হয়েছে।
এতে বলা হয়েছে, যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর করায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অসাড় ও অযৌক্তিক।
একাত্তরের রক্তাক্ত ইতিহাসের কথা বিবেচনা করলে ওই দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরে এ রকম প্রতিক্রিয়া দেখানোর অবস্থানে নেই পাকিস্তান। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারের বক্তব্য বাঙালি জনগণকে ক্ষেপিয়ে তুলবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঝুঁকিতে ফেলবে।
এতে আরো বলা হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে যথাযথ পররাষ্ট্র নীতি প্রণয়নে চরমভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর নাক গলানোর কোনো অধিকার নেই। বাংলাদেশের আইনি মানদণ্ড নিয়ে মন্তব্য করার কাজ এ বিষয়ে সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থার বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।