জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব পার্টিসের (কপ) ২১তম সম্মলন শুরু হচ্ছে ৩০ নভেম্বর (সোমবার)।
রোববার এ সম্মেলনে যোগ দিতে বিশ্বের ১৪৭ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান প্যারিসে আসছে। এ সম্মেলন চলবে ১১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত।
সম্মেলনে দীর্ঘমেয়াদি কার্বণ নিঃসরণ কমানোর বিষয়ে বিশ্ব নেতাদের মধ্যে চুক্তি সইয়ের চেষ্টা চালানো হবে। তবে পর্যবেক্ষকরা বলেন, সম্প্রতি প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জলবায়ু বিষয়ক নতুন চুক্তি সইয়ের সম্ভাবনা বেড়েছে।
এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের কথা রয়েছে। বিশ্ব নেতারা সবাইকে জলবায়ু সংক্রান্ত চুক্তি বাস্তবায়নে উৎসাহিত করবেন।
বিশ্ব নেতৃবৃন্দ ছাড়াও এ সম্মেলন যোগ দেবেন বিশ্বের ৪০ হাজার মানুষ। এরমধ্যে রয়েছেন ব্যবসা, শিল্প ও কৃষিতে নেতৃত্বদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।
অনেকে মনে করছেন, এই সম্মেলনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ পৃথিবী কতটা বাসযোগ্য হবে।
১৯৯২ ব্রাজিলেররিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষক সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বিশ্বকে রক্ষার জন্য একমত হন বিশ্ব নেতারা। ১৯৯৪ সালে গৃহীত ইউএনএফসিসির এক প্রস্তাবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ ১৯৫ টি দেশ অনুমোদন দেয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের স্থিতিশীলতা বজায় রাখা ও জলবায়ু পরিবর্তনের বিপদজনক প্রভাব মোকাবেলা করা। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এর অন্যতম লক্ষ্য। সূত্র: বিবিসি