জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেলবাণিজ্য রক্ষার জন্য তুরস্ক সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে—অভিযোগ মস্কোর। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই বিমান ভূপাতিত করার ঘটনাকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, তুরস্কে তেলের সরবরাহ রক্ষা করার ইচ্ছা থেকে যে বিমানটিকে হামলার জন্য বাছাই করা হয়েছিল এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে।
পুতিনের মতে, আইএসের তেল তুরস্কে যাচ্ছে বলে রাশিয়ার কাছে তথ্য আছে।
এদিকে, আইএসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে তুরস্ক একইসঙ্গে দেশটির সরকার বলেছে, তারা ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না।
গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়— এ ঘটনায় এক রুশ পাইলট নিহত হয়েছেন। আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তুরস্কের দাবি, রুশ যুদ্ধবিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল।
যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া।