ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কন্যাসন্তানের বাবা হয়েছেন। মা হয়েছেন তার স্ত্রী প্রিসিলা চ্যান। তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ম্যাক্স।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো, প্রায় এক সপ্তাহ আগে জন্ম নিয়েছে ম্যাক্স। জাকারবার্গের কাছ থেকে গতকাল মঙ্গলবার তার কন্যার জন্মের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
ম্যাক্সের কাছে লেখা এক খোলা চিঠিতে জাকারবার্গ বলেছেন, জীবদ্দশায় তিনি ও তার স্ত্রী ফেসবুকে থাকা তাদের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করবেন। জাকারবার্গ তার ফেসবুক পেজে ওই চিঠি লিখেছেন।
জাকারবার্গ-চ্যান জানিয়েছেন, মেয়ে ম্যাক্সের বেড়ে ওঠার জন্য বিশ্বকে একটা অপেক্ষাকৃত ভালো স্থান হিসেবে গড়ে তুলতে তারা ওই অর্থ দান করতে যাচ্ছেন।
এই দম্পতি বলেছেন, দানের ওই অর্থ ব্যবস্থাপনায় তারা একটি নতুন দাতব্য সংস্থা গঠন করতে যাচ্ছেন। এর নাম ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’। সংস্থার লক্ষ্য হবে—মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা।
চিঠিতে তিনি লেখেন, রোগ প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন, ক্লিন অ্যানার্জির উৎপাদন বৃদ্ধি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি, শক্তিশালী ঐক্য গঠন, দারিদ্র্য দূরীকরণ, সমানাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের প্রজন্ম এই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারে।
চিঠিতে তিনি আরো লিখেন, শিশুদের বাসযোগ্য বিশ্ব গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই নিজেদের ক্ষুদ্র পরিসর থেকে কিছুটা হলেও করার চেষ্টা করবো আমরা। আর সে লক্ষ্যেই আমি আর প্রিসিলা ফেসবুকে আমাদের শেয়ারের ৯৯ শতাংশ, যার বর্তমান মূল্য ৪৫ বিলিয়ন ডলার (৩৫ হাজার ৫৪৯ কোটি টাকা), ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের জীবদ্দশায় আরো অনেকের সঙ্গে যুক্ত হয়ে আগামী প্রজন্মের জন্য বিশ্বকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
মেয়েকে উদ্দেশ্য করে জুকারবার্গ লেখেন, তুমি আমাদের যে ভবিষ্যৎ দিয়েছ, তার বর্ণনা করার ভাষা এখনও তোমার মা আর আমি খুঁজে পাইনি। জন্মের সঙ্গে সঙ্গে তুমি আমাদের ভেতর তোমার বাসযোগ্য পৃথিবী গড়ার তাগিদ সৃষ্টি করেছ।