সিরিয়ার রাক্কায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর বিমান হামলা ৩২ জঙ্গি নিহত হয়েছে। এদিকে, আইএস জঙ্গিদের হামলায় ইয়েমেনের বন্দরনগরী এডেনের গর্ভনর নিহত হয়েছেন।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির সেনাবাহিনীর উপর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনী বিমান হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার দিনের শেষভাগে এ হামলা চালানো হয়েছে।
পূর্বাঞ্চলীয় দির আল-জউর প্রদেশের আয়েশা এলাকায় সিরীয় সেনাবাহিনীর ওপর এই বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা সম্ভব হয়নি।
সিরিয়ার সরকারপন্থি শাম এফএম রেডিওর বরাতে সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
একবছর আগে দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি-বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় নির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট।
কিন্তু এ প্রথমবারের মতো মার্কিনজোট সিরীয় সেনাবাহিনীর ওপর হামলা চালালো।
সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের এই যুদ্ধের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন সিরীয় কর্মকর্তারা। বিশেষ করে এই জোটে ফ্রান্স ও যুক্তরাজ্য যোগ দেয়ার পর প্রশ্নটি আবারো সামনে চলে এসেছে।